পারিবারিক সম্পর্কের জটিলতা, সামাজিক বাস্তবতা এবং মানুষের নীরব মানসিক সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। সম্প্রতি চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে এবং খুব শিগগিরই এর ট্রেলার প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্মাতা মো. আকতার হোসেন পরিচালিত এই ওয়েব ফিল্মে তুলে ধরা হয়েছে পরিবারের অভ্যন্তরীণ টানাপোড়েন, সম্পর্কের ভাঙাগড়া, দায়িত্ববোধ এবং জীবনের নানা অনুচ্চারিত কষ্টের গল্প। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি কেবল একটি নাট্যনির্ভর বিনোদনমূলক নির্মাণ নয়; বরং সমসাময়িক সমাজের বিভিন্ন বাস্তব সমস্যাকে কেন্দ্র করে তৈরি একটি মানবিক উপাখ্যান।
‘শব্দহীন যন্ত্রণা’র চিত্রগ্রহণ করেছেন ইসমাইল হোসেন লিটন। জিনা ইজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম এবং তাহসান বিন রফিক। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রেবেকা সুলতানা, ফারজানা ছবি, মৌরি, বড়দা মিঠু, আজম খান, শশী রহমান, সিফাত ও আভাসহ আরও অনেকে।
নির্মাতা জানান, বর্তমান সমাজে অনেক মানুষই নানামুখী মানসিক চাপ, পারিবারিক সংকট এবং সামাজিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যান, যার অনেকটাই প্রকাশ পায় না। সেই নীরব যন্ত্রণার প্রতিফলন ঘটেছে এই ওয়েব ফিল্মে। বিশেষভাবে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং সচেতনতা সম্পর্কিত বিষয়গুলোও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থান পেয়েছে।
প্রযোজনা সংশ্লিষ্টরা আশা করছেন, বাস্তবধর্মী গল্প, আবেগঘন উপস্থাপনা এবং শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ‘শব্দহীন যন্ত্রণা’ দর্শকদের কাছে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে। শিগগিরই দেশের একটি স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

