দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড তাদের শক্তিশালী ব্যবসায়িক অবস্থান ও আর্থিক স্থিতিশীলতা ধরে রেখেছে। সর্বশেষ ঋণমান মূল্যায়নে দেশের অন্যতম রেটিং সংস্থা এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং প্রদান করেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ–এর মাধ্যমে বিনিয়োগকারীদের উদ্দেশে প্রকাশিত তথ্যে জানানো হয়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সাম্প্রতিক আর্থিক কার্যক্রম এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি ‘এএ প্লাস’ রেটিং একটি প্রতিষ্ঠানের অত্যন্ত শক্তিশালী ঋণ পরিশোধ সক্ষমতার প্রতিফলন, যা কম আর্থিক ঝুঁকির ইঙ্গিত দেয়। অন্যদিকে স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং সর্বোচ্চ নিরাপত্তা নির্দেশ করে, যা কোম্পানির তারল্য পরিস্থিতিকে ইতিবাচকভাবে তুলে ধরে। পাশাপাশি কোম্পানিটির ব্যবসায়িক আউটলুক ‘স্থিতিশীল’ হিসেবে বিবেচিত হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উচ্চমানের রেটিং বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বাড়লেও রবি আজিয়াটা লিমিটেড তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মত দেন তারা।
তবে শক্তিশালী এই রেটিং ঘোষণার দিনই শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দামে সাময়িক পতন দেখা গেছে। মঙ্গলবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় রবির প্রতিটি শেয়ারের দাম ২০ পয়সা কমে দাঁড়ায় ২৯ টাকা ৮০ পয়সায়। গত দুই বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৩৫ টাকা।
বিশেষজ্ঞদের মতে, এই দরপতন বাজারের স্বল্পমেয়াদি প্রবণতার ফল হলেও দীর্ঘমেয়াদে কোম্পানিটির আর্থিক ভিত্তি শক্ত থাকায় বিনিয়োগকারীদের জন্য এটি ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে।

