দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ করতে ব্র্যাক ব্যাংক তাদের ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য গুগল পে সেবা চালু করেছে। এ উদ্যোগের ফলে গ্রাহকরা এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই দ্রুত, নিরাপদ ও কনট্যাক্টলেস (যোগাযোগহীন) পেমেন্ট করতে পারবেন। গুগল ওয়ালেটে কার্ড সংযুক্ত করার মাধ্যমে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মার্চেন্ট পয়েন্টে ফিজিক্যাল কার্ড ছাড়াই সহজে লেনদেন সম্পন্ন করা যাবে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সুবিধা দৈনন্দিন কেনাকাটা ও বিল পরিশোধকে আরও সহজ, নমনীয় এবং ঝামেলামুক্ত করবে। বিশেষ করে যারা ডিজিটাল ও কনট্যাক্টলেস পেমেন্টে অভ্যস্ত, তাদের জন্য এটি হবে একটি নিরাপদ ও সময় সাশ্রয়ী সমাধান।
নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে গুগল পে উন্নত এনক্রিপশন ও টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করে। ফলে ব্যবহারকারীর আসল কার্ড নম্বর কখনোই ব্যবসায়ীদের সঙ্গে শেয়ার হয় না এবং প্রতিটি লেনদেন বহুমাত্রিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়। এর মাধ্যমে প্রতারণার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
সেবাটির উদ্বোধন উপলক্ষে ব্র্যাক ব্যাংক আকর্ষণীয় ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। গ্রাহকরা প্রথম গুগল পে লেনদেনে ২০ শতাংশ এবং পরবর্তী দুটি লেনদেনে ১০ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। নির্ধারিত শর্তসাপেক্ষে এ অফার ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের ডিজিটাল রূপান্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি বাংলাদেশে নগদহীন অর্থনীতির প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আস্থা আরও জোরদার করবে।

