উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রাজধানীর গুলশানে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর গুলশান শাখা। শাখাটি স্থানান্তর উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে গ্রাহকদের আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ কাশেম বলেন, গ্রাহকদের জন্য দ্রুত, নিরাপদ ও মানসম্মত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করাই সাউথইস্ট ব্যাংকের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই গুলশান শাখাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। সভাপতিত্ব করেন গুলশান শাখার প্রধান ইশতিয়াক ইউ আহমেদ।
এ সময় ব্যাংকের বর্তমান ও সাবেক পরিচালক রেহানা রহমান, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, মো. রফিকুল ইসলাম এবং উদ্যোক্তা শেয়ারধারী সুলতানা কাশেমসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন শাখাটি আধুনিক অবকাঠামো, উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং গ্রাহকবান্ধব পরিবেশে পরিচালিত হবে। এখান থেকে আমানত, ঋণ, বৈদেশিক লেনদেনসহ ব্যাংকের সব ধরনের সেবা আরও দক্ষতা ও দ্রুততার সঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

