Wednesday, September 23

দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সম্প্রসারণে ১৫ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে সরকারের সহযোগী সংস্থা পিকেএসএফ–এর সঙ্গে সোমবার ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আনুষ্ঠানিকতা শেষে জানানো হয়, নতুন এই অর্থায়নের পরিমাণ ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। চুক্তিতে সই করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম। সংশ্লিষ্টরা জানান, এ অর্থ দেশের অনানুষ্ঠানিক খাতে কর্মরত তরুণদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে ব্যয় করা হবে।

পিকেএসএফের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত এই অর্থ ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই)’ প্রকল্পে যুক্ত হবে। ২০২২ সালে ২৫ কোটি ডলারের প্রাথমিক তহবিল নিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয়। চলতি বছরের জুনে এর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন অর্থায়নের ফলে মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

নতুন সংযোজিত অর্থসহ প্রকল্পটির বাজেট দাঁড়াবে ২৮ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার। তবে অবশিষ্ট অর্থ জোগান দেবে পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাগুলো। সব মিলিয়ে ২০২২ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রকল্পটির মোট বাজেট দাঁড়িয়েছে ৫৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকার সমপরিমাণ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আরএআইএসই কর্মসূচির আওতায় চার লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আরও চার থেকে পাঁচ গুণ মানুষ পরোক্ষভাবে সুফল পাবেন।

মেয়াদ বৃদ্ধির ফলে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে চর, হাওর, পার্বত্য অঞ্চল ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত এলাকার তরুণদের। অনানুষ্ঠানিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে ‘হোম-বেজড চাইল্ড কেয়ার সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কর্মজীবী মায়েরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন।

এ ছাড়া বাজারের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ এবং ‘ওস্তাদ-শাগরেদ’ মডেলে হাতে-কলমে দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সক্ষমতা বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, দেশের বৃহৎ অনানুষ্ঠানিক খাতকে উৎপাদনশীল ও টেকসই আয়ের উৎসে রূপান্তর করতে এ ধরনের লক্ষ্যভিত্তিক বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

Exit mobile version