Wednesday, September 23

কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হলো বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (Chief Anti-Money Laundering Compliance Officer—CAMLCO) সম্মেলন-২০২৬। Bangladesh Financial Intelligence Unit-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের ব্যাংকিং খাতের শীর্ষ নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারা (CEO) অংশ নেন। City Bank-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Bangladesh Financial Intelligence Unit-এর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মো. মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (ABB) চেয়ারম্যান ও City Bank-এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএফআইইউ-এর উপপ্রধান কর্মকর্তা মো. মফিজুর রহমান খান চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে ইখতিয়ার উদ্দিন মো. মামুন বলেন, দেশের আর্থিক খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সততা, শক্তিশালী সুশাসন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক নজরদারি ব্যবস্থা অপরিহার্য হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ই-কমার্সভিত্তিক প্রতারণা, ট্রেড-বেইজড মানি লন্ডারিং এবং সাইবার ঝুঁকির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ঝুঁকিভিত্তিক কমপ্লায়েন্স কাঠামো জোরদার করা, উন্নত প্রযুক্তি ব্যবহার করে লেনদেন পর্যবেক্ষণ বৃদ্ধি করা এবং সন্দেহজনক লেনদেন (Suspicious Transaction Report—STR) ও সন্দেহজনক কার্যক্রম (SAR) দ্রুত রিপোর্টিং নিশ্চিত করা জরুরি।

সম্মেলন সূত্রে জানা যায়, দিনব্যাপী এই আয়োজনে অর্থপাচারকৃত সম্পদ পুনরুদ্ধার, রিস্ক-বেইজড সুপারভিশন, ঋণ জালিয়াতি প্রতিরোধ, ক্যাপিটাল ফ্লাইট নিয়ন্ত্রণ এবং মিউচুয়াল ইভ্যালুয়েশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতে বেনামি প্রতিষ্ঠান, ভুয়া জামানত, তহবিল অপব্যবহার এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর করণীয় বিষয়ে আলোচনা হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, গ্রাহক যাচাই (KYC) আরও কঠোর করা, লেনদেন পর্যবেক্ষণে স্বয়ংক্রিয় ব্যবস্থা জোরদার করা এবং ব্যাংকগুলোর মধ্যে তথ্য বিনিময় বাড়ানো গেলে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

Share.
Leave A Reply

Exit mobile version